বছরের শুরুতেই পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
১০ বছরের বেশি পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা। অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার আগের সংস্করণ চালিত যেসব ডিভাইস এখনও ব্যবহার করা হচ্ছে, সেগুলোতে ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। খবর জিএসএম এরিনা।
হোয়াটসঅ্যাপের ক্রমবর্ধমান নতুন ফিচার এবং উন্নত প্রযুক্তিগত কার্যকারিতা সকল ডিভাইসে সচল রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেটা আরও আধুনিক হার্ডওয়্যার ব্যবহার করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে।
সাপোর্ট বন্ধ হওয়া কিছু ডিভাইসের তালিকা:
স্যামসাং: গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এস৪ মিনি, গ্যালাক্সি এস অ্যাস ৩
মটোরোলা: মটো জি (১ম জেনারেশন), রেজর এইচডি, মটো ই ২০১৪
এইচটিসি: ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১
এলজি: অপটিমাস জি, নেক্সাস ৪, জি২ মিনি, এল৯০
সনি: এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি
যদি কেউ এই ডিভাইসগুলো এখনও প্রতিদিনের ব্যবহারকারী হিসেবে ব্যবহার করেন, তবে তাদের হোয়াটসঅ্যাপ ডেটা নতুন ডিভাইসে ব্যাকআপ করা জরুরি। অন্যথায়, ২০২৫ সালের ১ জানুয়ারির পরে সমস্ত চ্যাট এবং মিডিয়া হারিয়ে যাবে।
মেটা কিছু মাস আগে আইফোনের জন্যও একই ধরনের ঘোষণা দিয়েছিল। আইওএস ১৫.১ বা তার আগের সংস্করণ চালিত আইফোনগুলোতে ২০২৫ সালের মে পর্যন্ত হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে বলে তখন জানানো হয়।
ডিবিটেক/বিএমটি







